
কুবি প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো জুলাইয়ের চেতনাকে অবহেলা করছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, জুলাইকে বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করা যাবে না, এ কারণে জুলাইকে বাঁচিয়ে রাখাটা তাদের জন্য একধরনের হুমকি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শহীদ ওসমান হাদির হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, ১৪০০ শহীদের রক্তের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছে, তারাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলার জায়গায় রেখেছে। জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম ও অর্থায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, ঢাকা থেকে কুমিল্লা রেললাইন নির্মাণের জন্য সরকারের ৮৪ হাজার কোটি টাকা বরাদ্দের সুযোগ থাকলেও জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের কাছে অর্থ নেই।
তিনি বলেন, ‘জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। কিন্তু ৮৪ হাজার কোটি টাকার রেললাইন করা গেলে ওই টাকায় সচিবের ছেলে আমেরিকায় পড়তে যাবে, আমলারা বেগমপাড়ায় বাড়ি কিনবে।’
জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেন ইনকিলাব মঞ্চের এই নেতা। তিনি বলেন, যখন সাধারণ মানুষ রাজপথে আন্দোলন করছিল, তখন একশ্রেণির রাজনৈতিক নেতা সচিবালয় ও দূতাবাসে বসে অন্তর্বর্তী সরকারের পর নির্বাচনে কে কোন মন্ত্রণালয় পাবে, তা নিয়ে দর-কষাকষি করছিলেন।
ওসমান হাদির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শহীদ ওসমান হাদি ৩২ বছরের একজন যুবক ছিলেন। তিনি বলেছিলেন, জুলাইয়ের রক্ত ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয়, এটি আগামী বাংলাদেশ বিনির্মাণের শপথ।’
জাবের আরও বলেন, ওসমান হাদি যে লড়াই মানুষের মধ্যে জাগিয়ে দিয়ে গেছেন, তা আর থামানো সম্ভব নয়। সবাইকে হত্যা করা হলেও সেই লড়াই বন্ধ হবে না। তাঁর দেখানো পথেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
বক্তব্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর দৃশ্যমান পদক্ষেপ জানতে চান। একই সঙ্গে তারেক রহমানের সমালোচনা করে বলেন, দীর্ঘ ১৭ বছর লন্ডনে থাকার কারণে তিনি বাংলাদেশের মানুষের ভাষা ও বাস্তবতা বুঝতে পারছেন না বলে মনে হচ্ছে।
এ ছাড়া শাকিল ইসলাম হত্যার বিচার দাবি করে জাবের বলেন, ইনকিলাব মঞ্চ এ হত্যার বিচার নিশ্চিত করতে প্রয়োজনে ৪০ লাখ টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিচ্ছে। এ জন্য গণ-অর্থায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
উল্লেখ্য, ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। ৩১ দিনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এসে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
